তীব্র ডলার সংকটে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি বাধাগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। এতে দেশের শিল্প ও কৃষি খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে কয়লা ও গ্যাস আমদানির জন্য। এ অর্থ থেকে ইতোমধ্যে কয়লা আমদানির জন্য একটি এলসি খোলা হয়েছে। এ কয়লা চলতি মাসের শেষদিকে দেশে আসতে পারে।